হায়রে কামাল হোসেন! আপনি এখন কোথায় গেলেন! : কাদের

বাংলাপ্রেস অনলাইন: দলের এক সময়ের নেতা কামাল হোসেন দণ্ডিত খালেদা জিয়া ও তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপির সঙ্গে জোট গড়ায় হতাশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, “হায়রে ড. কামাল হোসেন! আপনি এখন কোথায় গেলেন! আপনি একজন খুনি-সন্ত্রাসী তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছেন, সাম্প্রদায়িক শক্তির সাথে হাত মিলিয়েছেন। তিনি বলেন, ড. কামাল হোসেন সাহেব, বঙ্গবন্ধুর সময়ের নেতা ছিলেন আপনি, আর আজকে তারেক রহমানের নেতৃত্ব মেনে নিয়েছেন। এটা লজ্জা, লজ্জা, লজ্জা! আজ রোববার বিকালে ঢাকার পল্লবী নির্বাচনী গণসংযোগের এক জনসভায় একথা বলেন ওবায়দুল কাদের।
এই এলাকাতেই ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন দলের তখনকার সভাপতিমণ্ডলীর সদস্য কামাল। সেবার তিনি যার কাছে হেরেছিলেন, সেই হারুনুর রশীদ মোল্লার ছেলে ইলিয়াস মোল্লা এখন এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। দুই যুগ আগে আওয়ামী লীগ ছেড়ে গণফোরাম গঠনকারী কামাল একাদশ সংসদ নির্বাচনের আগে গত ১৩ অক্টোবর বিএনপিকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছেন। নতুন এই জোট থেকে সংসদ ভেঙে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলা হয়েছে; তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ তা প্রত্যাখ্যান করেছে।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় আদালতের দণ্ড নিয়ে এখন কারাগারে রয়েছেন খালেদা জিয়া, তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্নীতির মামলার পাশাপাশি ২১ অগাস্ট গ্রেনেড হামলার মামলায় দণ্ড নিয়ে যুক্তরাজ্যে রয়েছেন। ওবায়দুল কাদের বলেন, “কামাল হোসেন সাহেব, আপনি অ্যাটর্নি জেনারেলকে নোংরা ভাষায় কথা বলতে দ্বিধা বোধ করেননি। আমরা আপনাকে নোংরা ভাষায় কথা বলবে না। তবে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি বঙ্গবন্ধুর সহকর্মী হয়ে বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। একুশে আগস্টের গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুকন্যাকে হত্যার চেষ্টা করেছিল যারা, সেই বিএনপির সঙ্গে আপনি হাত মিলিয়েছেন।
আওয়ামী লীগের ‘সংবিধান লঙ্ঘনের’ বিচারের হুমকি দেওয়া কামালকে পাল্টা জবাবে কাদের বলেন, “বাংলাদেশের জনগণই আপনাকে কঠিন শাস্তি দেবে। তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফার উদ্দেশ্য ‘নির্বাচন বানচাল’ করা।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি