গৌরীপুরে দরিদ্র ও সুবিধাভোগীদের চাল ফেরতের দাবিতে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) থেকে সংবাদদাতা : ময়মনসিংহের গৌরীপুরে খাদ্যবান্ধব কর্মসুচির চাল ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দরিদ্র ও সুবিধাভোগীরা। এসময় তারা খাদ্যবান্ধব কর্মসুচির ডিলারের দোকান চালুকরণেরও দাবি জানান।
০১জুন সোমবার দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা মোড়ে খাদ্যবান্ধব কর্মসুচির দরিদ্র ও সুবিধাভোগীরা এ বিক্ষোভ প্রদর্শন করে।
এ ঘটনার খবর পাওয়ার পরপরই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাল বিতরণ শুরুর কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর কার্ডধারীদের হাতে গোলাপী রঙের নতুন কার্ড তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা অচিন্তপুর ইউনিয়নের প্রায় ৬শ কার্ডের চাল আত্মাসাতের দায়ে উপজেলা প্রশাসনের কাছে দু’দফায় অভিযোগে করেন এলাকাবাসী। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রকৃত কার্ডধারীদের হাতে কার্ড পৌঁছে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার সবুজ রঙের পুরাতন কার্ড বাতিল করে নতুন গোলাপী রঙের কার্ড দেয়া শুরু করেন।
অচিন্তপুর ইউনিয়নের খালিজুড়ী গ্রামের হেলেনা খাতুন নামের এক নারী জানান, তার স্বামী ফজলুল হক প্রতিবন্ধী এবং তার ৩ সন্তান মানসিক প্রতিবন্ধী। স্বামী-স্ত্রী দু’জনই ভিক্ষা করে সংসার চালান। গত ৪ বছর পূর্বে তার নামে খাদ্যবান্ধব কর্মসুচির কার্ড হয়েছিলো। এরপর সেই কার্ড ডিলার দেলোয়ার হোসেন খোকন নিয়ে যাওয়ার পর থেকে সে আর চাল পায়নি।
এ বিষয়ে ডিলার দেলোয়ার হোসেন খোকন জানান, কার্ডের বিষয়টি তার জানা নেই। কার্ড থাকলে কার্ডধারী চাল পাবেন।
বিক্ষোভ সমাবেশে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন জানান, ৪ বছরে একেক জন কার্ডধারীর ৬শ কেজি চাল লুটপাট করা হয়েছে। সেই চাল ডিলারদের ফেরত দিতে হবে। শুধু ডিলারকে বরখাস্ত করলেই হবে না, কার্ডধারীদের ক্ষতিপূরণ ও জড়িতদেরকে আইনের আওতায় আনতে হবে।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মো. মজিবুর রহমান খান সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. একলাস উদ্দিন প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি