
বাংলাপ্রেস ডেস্কঃ ফিলিস্তিনের গাজায় ইসরায়েল-হামাসের ব্যপক সহিংসতায় ইসরায়েলের বিমান হামলায় ২শ’র বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ৬৩ জন শিশু। এমন ভয়াবহ প্রাণঘাতি সহিংসতা থামাতে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে।
অচিরেই ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতির আশা করছে হামাস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে এ কথা বুধবার জানিয়েছে হামাসের এক কর্মকর্তা। যদিও গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
চলমান সহিংসতা বন্ধে ইসরায়েলের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ জানায়, হামাসের সঙ্গে সংঘাত বন্ধ করে ইসরায়েলকে যুদ্ধবিরতির পথে হাঁটার আহ্বান জানিয়েছেন বাইডেন। তবে গাজায় হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এর আগে গাজায় হামলার বিষয়ে ইসরায়েলিদের পক্ষে সাফাই গাওয়ায় নিজ দলেই তীব্র সমালোচনার শিকার হন বাইডেন। টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নাগরিক, আপনাদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত এ অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে আমি সংকল্পবদ্ধ। ৯ দিনের হামলায় হামাস বহু বছর পিছিয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গাজা শাসনকারী হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, চলমান সংঘাতের অবসানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, সে আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল।
গাজায় ইসরায়েলের আগ্রাসনকে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করে এ বিষয়ে দ্রুত তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজায় ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স।
এখন পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ২২৭ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৪ শিশু ও ৩৮ নারী রয়েছে। গাজা উপত্যকায় হামলা চালিয়ে ইসরায়েল জাতিগত নিধন করছে বলে অভিযোগ করেছে আরব লীগ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]