ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর পাশে কনমেবল
বাংলাপ্রেস ডেস্ক: আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। সংস্থাটির ১০টি সদস্য দেশই বর্তমান প্রধানের পাশে থাকার কথা জানিয়েছে।
আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি নির্বাচন। এ সপ্তাহে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হয়েছেন জাপানের কোজো তাশিমা ও ফ্রান্সের ফিলিপ দিয়ালো।
২০১৬ সাল থেকে ফিফা সভাপতির দায়িত্বে থাকা ইনফান্তিনো এবার চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। ২০১৯ ও ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হলেও এবারই প্রথম তিনি প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন। জয়ী হলে ২০৩১ সাল পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।
শুক্রবার কলম্বিয়ার বারানকিয়ায় সভা করে কনমেবলের কাউন্সিল। বোকা জুনিয়র্স ও আতলেতিকো মিনেইরোর মধ্যকার কোপা সুদামেরিকানার ফাইনালের আগের দিন অনুষ্ঠিত এই সভায় ইনফান্তিনোর পক্ষে থাকার সিদ্ধান্ত নেয় সংস্থাটির সদস্যরা।
এরপর বিবৃতি দিয়ে কনমেবল জানায়, “এটা (ইনফান্তিনোর প্রতি সমর্থন) বর্তমান ফিফা সভাপতির নেতৃত্ব এবং ফুটবলে ঘটা ইতিবাচক পরিবর্তনগুলোর স্বীকৃতিস্বরূপ।”
ইনফান্তিনোর নেতৃত্বে দক্ষিণ আমেরিকার ফুটবলের উন্নয়নে কয়েক মিলিয়ন ডলার অর্থায়ন পেয়েছে কনমেবল। ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সফল চেষ্টায় সমর্থন দিয়েছিলেন তিনি। স্পেন, পর্তুগাল ও মরক্কোর সঙ্গে যৌথভাবে এই তিন দেশ আসরটি আয়োজন করবে, যার মাধ্যমে প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পক্ষে অবস্থান নিয়েছে কনমেবল। ইনফান্তিনো আবার সভাপতি হলে এই প্রস্তাব গুরুত্ব পেতে পারে।
তবে ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কও তৈরি হয়েছে। বছরের মাঝামাঝি সময়ে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগ গোষ্ঠীর কাছে বিক্রির চেষ্টা নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি, যদিও শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। সেই বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর প্রতি নিজেদের সমর্থন বজায় রাখল কনমেবল।
তিন প্রার্থীর লড়াইয়ে প্রথম দফায় জয় পেতে হলে প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ ভোট। কোনো প্রার্থী এই সংখ্যাগরিষ্ঠতা না পেলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন এবং দ্বিতীয় দফায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সভাপতি নির্বাচিত হবেন।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি