ফেডারেল শাটডাউন অবসানে মার্কিন সিনেটে বিল পাস
আবু সাবেত: রবিবার যুক্তরাষ্ট্রের সিনেট ফেডারেল সরকার পুনরায় চালু করা ও চলমান ৪০ দিনের শাটডাউন শেষ করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। এ শাটডাউনের ফলে লক্ষাধিক সরকারি কর্মচারী বেতন ছাড়াই বসে আছেন, খাদ্য সহায়তা ব্যাহত হয়েছে এবং বিমান চলাচল বিপর্যস্ত অবস্থায় পড়েছে।
একটি প্রক্রিয়াগত ভোটে সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভস পাস করা একটি বিল এগিয়ে নেয়, যা সংশোধনের মাধ্যমে সরকারকে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত অর্থায়ন করবে এবং তিনটি পূর্ণ-বছরের বরাদ্দ বিল অন্তর্ভুক্ত করবে। সিনেট যদি সংশোধিত বিলটি পাস করে, তবে সেটি আবার হাউসে অনুমোদন পেতে হবে এবং পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হবে। এতে আরও কয়েকদিন সময় লাগতে পারে।
ডেমোক্র্যাটদের সঙ্গে হওয়া এক চুক্তি অনুযায়ী, রিপাবলিকানরা ডিসেম্বর মাসে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট (ওবামাকেয়ার)-এর অধীনে ভর্তুকি বাড়ানোর বিষয়ে ভোট দিতে সম্মত হয়েছে। এ ভর্তুকি ছিল তহবিল যুদ্ধের সময় ডেমোক্র্যাটদের প্রধান দাবি।
প্রস্তাবিত রেজোলিউশনে ট্রাম্প প্রশাসনের সময় শাটডাউনের কারণে ছাঁটাই হওয়া কিছু সরকারি কর্মচারীকে পুনরায় নিয়োগ দেওয়ার এবং ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ (স্ন্যাপ) বা খাদ্য সহায়তা কর্মসূচির জন্য এক বছরের অর্থায়নের পরিকল্পনাও রয়েছে।
রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স বলেন, এই চুক্তির অধীনে সব ফেডারেল কর্মচারী—সেনাবাহিনী, কোস্ট গার্ড, ক্যাপিটল পুলিশ, বর্ডার প্যাট্রোল, টিএসএ স্ক্রিনার এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারসহ—তাদের বকেয়া বেতন পাবেন।
এ চুক্তি মধ্যস্থতা করেন নিউ হ্যাম্পশায়ারের দুই ডেমোক্র্যাট সিনেটর ম্যাগি হাসান ও জিন শাহিন এবং মেইনের স্বাধীন সিনেটর অ্যাঙ্গাস কিং। তবে সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার বিলটির বিপক্ষে ভোট দেন।
রবিবার শাটডাউনের ৪০তম দিন ছিল, যা সরকারি কার্যক্রম বন্ধ করে দিয়েছে খাদ্য সহায়তা, পার্ক পরিষেবা ও ভ্রমণব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মী সংকট দেখা দিয়েছে, যা মাসের শেষে থ্যাংকসগিভিং মৌসুমে ভ্রমণ ব্যাহত করতে পারে।
রিপাবলিকান সিনেটর থম টিলিস বলেন, শাটডাউনের ক্রমবর্ধমান প্রভাব আমাদের সমঝোতার দিকে ঠেলে দিয়েছে।
হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট সতর্ক করেছেন, সরকার দ্রুত না খুললে চতুর্থ প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যেতে পারে, বিশেষ করে থ্যাংকসগিভিংয়ের আগেই বিমান চলাচল স্বাভাবিক না হলে।
স্বাস্থ্যভর্তুকি নিয়ে ট্রাম্পের নতুন উদ্যোগ
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার পুনরায় আহ্বান জানান যে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের স্বাস্থ্যবীমা ভর্তুকি বাতিল করে তা সরাসরি নাগরিকদের হাতে পৌঁছে দিতে হবে।
২০২১ সালে চালু হওয়া এ ভর্তুকির ফলে ওবামাকেয়ারের আওতায় বীমাভুক্তির সংখ্যা বেড়ে ২ কোটি ৪০ লাখে দাঁড়ায়। তবে রিপাবলিকানরা বলছে, সরকার পুনরায় চালু না হওয়া পর্যন্ত তারা এই ইস্যুতে আলোচনা করবে না।
ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, এই ভর্তুকি স্বাস্থ্যবীমা কোম্পানিগুলোর জন্য বিশাল লাভজনক, কিন্তু আমেরিকান জনগণের জন্য বিপর্যয়কর।” তিনি বলেন, “সরকার খুললেই আমি দুই দলের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে প্রস্তুত।
তবে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এবং ট্রাম্পের ঘনিষ্ঠ সিনেটর লিন্ডসি গ্রাহাম জানান, সরকার পুনরায় চালু হওয়ার আগে ট্রাম্পের স্বাস্থ্যনীতি প্রস্তাব সিনেটে আনা হবে না।
অন্যদিকে, ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফ বলেন, ট্রাম্পের প্রস্তাব আসলে ওবামাকেয়ার ধ্বংস করে বীমা কোম্পানিগুলোকে আরও ক্ষমতাশালী করার একটি প্রচেষ্টা।
তিনি বলেন, যেসব কোম্পানিকে ট্রাম্প সমালোচনা করছেন, তারাই এখন মানুষের বীমা বাতিল করার ক্ষমতা পাবে যদি কেউ পূর্ববর্তী অসুস্থতা নিয়ে আবেদন করে।
এই বিলের অগ্রগতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম শাটডাউন শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যদিও রাজনৈতিক দ্বন্দ্ব এখনো তীব্র।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি