এপস্টেইনের নথিতে নিউ ইয়র্কের মেয়র মামদানির মা মীরা নায়ারের নাম
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি ও মা মীরা নায়ার
মিনারা হেলেন: কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফরি এপস্টেইন–সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার এপস্টেইন–সংক্রান্ত নথির ৩০ লাখের বেশি পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি ও ২ হাজার ভিডিও প্রকাশ করা হয়। পাশাপাশি প্রয়াত এ ধনকুব-সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে এসব নথিতে এবার নাম জড়াল নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা মীরা নায়ারের।
২০০৯ সালের একটি ই-মেইলে তার নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে এসব নথিতে মীরা নায়ারের বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম বা অপরাধের অভিযোগ আনা হয়নি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০৯ সালের অক্টোবরে জনসংযোগকর্মী পেগি সিগেল একটি ই-মেইল পাঠান, যা এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঠিকানায় পাঠানো হয়েছিল। ওই ই-মেইলে নিউইয়র্কে গিসলেন ম্যাক্সওয়েলের টাউনহাউসে আয়োজিত একটি চলচ্চিত্র–সংক্রান্ত আফটার পার্টির কথা উল্লেখ করা হয়। সেখানে উপস্থিত কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামের তালিকায় মীরা নায়ারের নামও ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ওই পার্টিটি একটি চলচ্চিত্র প্রদর্শনীর পর আয়োজন করা হয়েছিল। যদিও ই-মেইলের বিষয়বস্তু সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। তবে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে যে- অনুষ্ঠানটি মীরা নায়ার পরিচালিত ২০০৯ সালের চলচ্চিত্র অ্যামেলিয়া–এর সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে নথিতে সরাসরি এই তথ্য উল্লেখ নেই।
মীরা নায়ার আন্তর্জাতিকভাবে প্রশংসিত চলচ্চিত্র নির্মাতা। তিনি নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির মা। মীরার জন্ম ভারতে। ওডিশার রাউরকেল্লায় তার বেড়ে ওঠা। পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে থাকেন নিউইয়র্কে। ‘সালাম বম্বে’, ‘মনসুং ওয়েডিং’, ‘দ্য নেমসেক’-এর মতো কালজয়ী সিনেমার পরিচালক তিনি। কান-এ গোল্ডেন ক্যামেরা এবং ভেনিসে গোল্ডেন লায়নজয়ী প্রথম মহিলা পরিচালক হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন মীরা।
এদিকে তার ছেলে মামদানিও নিউইয়র্ক সিটিতে প্রথম মুসলমান মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস তৈরি করেছেন। গত ১০০ বছরের মধ্যে তিনি নিউইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি