
বাংলাপ্রেস ডেস্ক: সেনা অভ্যুত্থানের পর গ্রেপ্তার মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে প্রথমবার আদালতে হাজির করা হয়েছে।
সোমবার মিয়ানমারের রাজধানী নাইপিদোর একটি আদালতে তাকে হাজির করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী খিন মঙ জো। আদালতে হাজির করা হলেও, তাৎক্ষণিকভাবে শুনানি মুলতবি করা হয়। শুনানির আগে আইনজীবীর সঙ্গে সরাসরি আধা ঘণ্টা কথা বলার সুযোগ পান সু চি।
তার আইনজীবী সংবাদ সম্মেলনে বলেন, আদালতে হাজির করার সময় সু চি'কে দেখে সুস্থই মনে হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া হয়নি। এ জন্য বাইরে এতদিন কী ঘটেছে, তা তিনি পুরোপুরি জানতে পারেননি।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতাচ্যুত করার পর সু চিকে গৃহবন্দি করে রাখা হয়। ওই সময় তাকে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে দেয়া হয়নি। সু চি'র বিরুদ্ধে দু'টি আদালতে রাষ্ট্রীয় গোপন আইন লঙ্ঘনসহ ছয়টি মামলা করা হয়েছে।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]