ঈদযাত্রায় শেষ মুহূর্তে সব পথেই স্বস্তি
বাংলাপ্রেস ডেস্ক: রাত পহোলে খুশির ঈদ। তবে আগের দিন দুর্ভোগ নেই ঈদযাত্রায়। সোমবার (২ মে) সকাল থেকে ফাঁকা দুর পাল্লার বেশিরভাগ বাস। গাবতলীসহ রাজধানীর কোনো বাস টার্মিনালে যাত্রীদের ভিড়ও নেই। টিকিট বিক্রেতাদের দাবি, ঈদের ছুটি শুরু হওয়ার আগেই নগরবাসীর একটি বড় অংশ ঢাকা ছাড়ায় ভোগান্তি কম।
একইচিত্র কমলাপুরের রেলওয়েস্টেশনে। সোমবার নীলসাগর এক্সপ্রেস ছাড়া আন্তঃনগর ট্রেনগুলো প্লাটফর্ম ছেড়েছে সময় মেনে। কিশোরগঞ্জের শোলাকিয়ার ঈদ জামাত উপলক্ষে আগামীকাল থাকছে দুইজোড়া বিশেষ ট্রেন।
এদিকে তিন দিন ধরে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় থাকলেও আজ অনেকটাই চাপ কমেছে শিমুলিয়া ঘাটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কিছুটা বাড়লেও কাউকে ফেরির জন্য অপেক্ষা করতে হয়নি। এতে স্বস্তি নিয়ে ঘাট পার হন যাত্রী ও যানবাহনের চালকরা।
শিমুলিয়া ঘাটে দেখা গেছে, অর্ধশত ব্যক্তিগত গাড়ি ও শতাধিক পিকআপভ্যান পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। এর আগে, মোটরসাইকেলের একটি সারি দেখা গেলেও সেগুলোকে একটি ফেরিতে করে পার করা হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটও ফাঁকা। ঘাটে নেই যাত্রীর চাপ। ফেরিগুলো অপেক্ষা করছে যানবাহনের জন্য।
অন্যদিকে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন সোমবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই । গণপরিবহনের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান ও মোটরসাইকেলে স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।
সোমবার (২ মে) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক ছিল ফাঁকা। যদিও রোববার (০১ মে) বিকেলের পর থেকেই মহাসড়কে যানবাহনের চাপ কমতে থাকে। তবে সেদিন ভোর থেকে দুপুর পর্যন্ত গাড়ির অত্যধিক চাপে কিছুটা থেমে থেমে যানজট ছিল।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাঝে মাঝে কিছু যাত্রীবাহী বাস পার হচ্ছে স্বাভাবিক গতিতেই। কোনো ভোগান্তি ছাড়াই ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছে ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি