দুদকের মামলায় লতিফ সিদ্দিকী কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক: দরপত্র ছাড়া সরকারি জমি বিক্রির অভিযোগে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।গতকাল বৃহস্পতিবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র রায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় বগুড়া দুদকের পক্ষে আইনজীবী ছিলেন পিপি আবুল কালাম আজাদ। অপরদিকে লতিফ সিদ্দিকীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট আল মাহমুদ, অ্যাডভোকেট হেলালুর রহমান।
মামলা সূত্রে জানা যায়, বগুড়ার আদমদীঘি উপজেলার রানীনগর বাজারে বাংলাদেশ জুট কর্পোরেশনের পাট ক্রয় কেন্দ্রের দুই একর ৩৮ শতক জমি ছিল।
বগুড়া শহরের কালিতলা এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ ২০১০ সালের ১৩ মে পাট ও বস্ত্র মন্ত্রণালয় থেকে জমিটি তিন বছরের জন্য লিজ নেন। প্রতিবছর লিজ মানি ধার্য ছিল ১ লাখ ২০ হাজার টাকা।
জাহানারা রশিদ এক বছর লিজ মানি পরিশোধ না করেই ওই জমি কেনার জন্য ২০১১ সালের ২৩ নভেম্বর পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে আবেদন করেন। সরকারি জমি স্থায়ীভাবে বরাদ্দ দিতে বা বিক্রি করতে উন্মুক্ত দরপত্র আহ্বানের নিয়ম থাকলেও তৎকালীন পাটমন্ত্রী লতিফ সিদ্দিকী তা করেননি।
পরে লতিফ সিদ্দিকী একক সিদ্ধান্তে ৬৪ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা ১১ পয়সা মূল্যের জমিটি মাত্র ২৩ লাখ ৯৪ হাজার ৭৭৪ টাকা ১১ পয়সায় বিক্রি করেন। এতে সরকারের ৪০ লাখ ৬৯ হাজার ২১ টাকা ১১ পয়সা আর্থিক ক্ষতি হয়।
জমিটি এত কম দামে বিক্রি করায় নওগাঁর রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল হোসেন হাইকোর্টে রিট করেন।
পরে জাহানারা রশিদ সুপ্রিমকোর্টে রিট করলে তার আবেদন খারিজ হয়ে যায়। দুদকের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক আমিনুল ইসলাম ২০১৪ সালে তদন্ত শুরু করেন।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সরকারি সফরে গিয়ে দলীয় এক সভায় হজ নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রথমে মন্ত্রিসভা এবং পরে দল থেকে বহিষ্কার করা হয় তাকে। ওই বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ১৮ জেলায় ২২টি মামলা হয়। পরে ২০১৪ সালের নভেম্বরের শেষ দিকে লতিফ সিদ্দিকী ধানমন্ডি থানায় আত্মসমর্পণের পর কারাগারে যান।পরে তিনি জামিন নিয়ে কারামুক্ত হন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি