দোষীদের বিরুদ্ধে সঠিক প্রমাণ দিলে শাস্তি : ইমরান খান
বিদেশ ডেস্ক: পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করে বলেছেন, দোষীদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ দিতে পারলে, তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করবে পাকিস্তান। কিন্তু তাঁর দেশের মাটিতেই সযত্নে লালিত পালিত হচ্ছে জঙ্গি নেতা মাসুদ আজহার৷ পুলওয়ামায় সেনা জওয়ানদের উপর হামলার দায়ও স্বীকার করেছে মাসুদেরই সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ৷
মুম্বই হামলা থেকে শুরু করে পাঠানকোট বা উরি৷ একের পর এক নাশকতার ক্ষেত্রে উঠে এসেছে পাক মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সংগঠনের নাম৷ প্রত্যেকবার পাকিস্তানের হাতে যথাযথ প্রমাণ তুলে দিয়েছে নয়াদিল্লি৷ এমনকী, আন্তর্জাতিক মহলেও পেশ করা হয়েছে সেই সমস্ত প্রমাণ৷ কিন্তু দোষীদের শাস্তি দেওয়া তো দূরের কথা, প্রত্যেকবারই সন্ত্রাসবাদ ইস্যু এড়িয়ে গিয়েছে ইসলামাবাদ৷ তারা মানতেই চায়নি, ওই দেশের মাটি আসলে সন্ত্রাসবাদীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে৷ সেখানে খেয়ে-পড়ে-বেঁচে থেকে পড়শি দেশে নাশকতার ছক কষছে মাসুদ আজহার, হাফিজ সইদরা৷ এবারও অবস্থার কোনও পরিবর্তন হল না৷ এবারও একই সুর শোনা গেল পাক প্রধানমন্ত্রীর গলাতে৷ এবারও জঙ্গি যোগের কথা অস্বীকার করলেন তিনি৷ উলটে ভারতের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন ইমরান৷ জানালেন, ভারত হামলা করলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান৷ তাদের কাছে আর কোনও বিকল্প পথ খোলা থাকবে না৷ তারাও প্রত্যাঘাত করবে৷
পুলওয়ামায় জইশ জঙ্গিদের হানায় শহিদ হয়েছেন ৪৯ জন সিআরপিএফ জওয়ান৷ এই ঘটনার পাঁচদিন পর মঙ্গলবার প্রথম মুখ খুললেন পাক প্রধানমন্ত্রী৷ নিজেদের দোষ ঢাকতে একাধিক সাফাই গাইলেন ইমরান৷ তিনি বলেন, ‘‘একটা স্থিতিশীল অবস্থার দিকে দু’দেশের সম্পর্ককে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান৷ আমার নিজেরাই বারবার নাশকতার শিকার হচ্ছি৷ তবে কেন আমরা এই কাজ করব?’’ এই ভয়াবহ জঙ্গি হামলার পর থেকেই ইমরান সরকারকে কূটনৈতিক ভাবে যথেষ্ট চাপে রেখেছে নয়াদিল্লি৷ সূত্রের খবর, ইসলামাবাদের সঙ্গে সবরকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কেন্দ্র৷ যার প্রথম ধাপে, পাকিস্তানের থেকে কেড়ে নেওয়া হয়েছে ‘মোস্ট ফেভারড নেশনের’ তকমা৷ এবং পাকিস্তান থেকে আমদানি করা সমস্ত পণ্যের শুক্ল বাড়িয়ে ২০০ শতাংশ করে দেওয়া হয়েছে৷ এমনকী, পাকিস্তানকে একঘরে করতে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির সঙ্গেও কথাবার্তা শুরু করেছে নয়াদিল্লি৷ এমত পরিস্থিতিতে এদিন কেন্দ্রের মোদি সরকারের উপরেও ক্ষোভ উগড়ে দেন পাক প্রধানমন্ত্রী৷ তিনি জানান, ভারতে আসন্ন লোকসভা ভোটের কথা মাথায় রেখেই পাকিস্তানের উপর দোষারোপ করছে নয়াদিল্লি৷
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি