৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় রেকর্ড গড়লেন হৃদয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
দক্ষিণ আফ্রিকায় রেকর্ড গড়লেন হৃদয়

তাওহিদ হৃদয়। ছবি: ফেসবুক

বাংলাপ্রেস ডেস্ক:  পচেফস্ট্রুমের মাঠটি যেন তাওহিদ হৃদয়ের জন্য সৌভাগ্যের। ছয় বছর আগে এই মাঠেই ইতিহাসের অংশ হয়েছিলেন বাংলাদেশের এই ব্যাটার। দীর্ঘ বিরতির পর একই ভেন্যুতে ফিরে এবার আরও বড় কীর্তি গড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন হৃদয়। একই সঙ্গে তার ইনিংসে ভর করে দলও ঘুরে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে যখন বাংলাদেশ চাপে ছিল, তখন ব্যাট হাতে দলের হাল ধরেন হৃদয়। সতীর্থরা শতকের কাছাকাছি গিয়ে থেমে গেলেও তিনি পৌঁছে যান দুইশর মাইলফলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি।

দ্বিতীয় চারদিনের ম্যাচে হৃদয়ের অসাধারণ ইনিংসে ভর করে এখন ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিনের খেলা শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭১ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৫১২ রান করেছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’। ফলে বাংলাদেশ এখনো ৪১ রানে পিছিয়ে রয়েছে। ৩৩৯ বল মোকাবিলা করে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়।

তৃতীয় দিনের শুরুতে ৪ উইকেটে ২০১ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিন ৭৫ রানে অপরাজিত থাকা হৃদয় সেখান থেকেই ইনিংস এগিয়ে নেন। তার সঙ্গে ব্যাট করতে নেমে ইতিহাসের হাতছানি পেয়েছিলেন জাকের আলী অনিকও। তবে সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে আউট হন তিনি। ১৬৮ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন জাকের।

এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন। তিনিও দারুণ ব্যাটিং করে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তিন অঙ্কের দেখা পাননি। ১৭১ বলে ৮৭ রান করে বিদায় নেন সাইফউদ্দিন। তার আউটের পরই তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন আম্পায়াররা।

তবে তার আগেই নিজের নাম ইতিহাসের পাতায় তুলে ফেলেন হৃদয়। দিনের শুরুতে পাওয়া সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন তিনি। এর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিশতকের কীর্তি গড়লেন হৃদয়।

এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে নতুন উচ্চতায় উঠে গেলেন তাওহিদ হৃদয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি