ধুনটে মাদকের প্রতিবাদ করাকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

ধুনট (বগুড়া) থেকে সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদই কাল হলো রনজু মিয়া (৪২) নামে এক আদর্শ কৃষকের। বোরো ধানের জমিতে চাষ করার সময় তাকে কুপিয়ে হত্যা করে এলাকার চিহ্নিত ৩ মাদক কারবারি। এ ঘটনায় নিহতের স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে ঘটনাস্থল থেকে আটক ফিরোজ আহম্মাদসহ ৩ জনের বিরুদ্ধে রোববার রাতে থানায় হত্যা মামলা দায়ের করেছে। নিহত রনজু মিয়া উপজেলার শৈলমারি গ্রামের মোকছেদ আলীর ছেলে।
এই মামলার এজাহারভুক্ত আসামী ফিরোজ আহম্মেদকে (২৫) গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরের দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ফিরোজ আহম্মেদ শৈলমারি গ্রামের আলতাব হোসেনের ছেলে। সে পেশায় সিএনজি চালিত অটোরিকশার চালক।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার শৈলমারি গ্রামের আলতাব হোসেনের ছেলে সুলতার আলী, ফিরোজ আহম্মেদ ও কফিল উদ্দিনের ছেলে আব্দুল হান্নান এলাকার চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এলাকায় মাদক দ্রব্য ব্যবসার প্রতিবাদী ছিল আদর্শ কৃষক রজনু মিয়া। সুলতান ও তার সহযোগীদের মাদক কারবারের বাধা হয়ে দাড়িয়েছিল রনজু। এ কারনে সুলতান ও তার সহযোগীরা ক্ষুব্ধ হয়ে ওঠে।
এ অবস্থায় ৩১ জানুয়ারী সন্ধ্যার দিকে রনজু মিয়া বাড়ির থেকে প্রায় ৪০০ মিটার দুরে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে বোরো ধানের চারা রোপনের জন্য চাষ করতে ছিলেন। এ অবস্থায় রাত ৯টার দিকে সুলতান ও তার সহযোগীরা জমির ভেতর রনজুকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রনজুর স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সুলতান, ফিরোজ ও আব্দুল হান্নানের নাম উল্লেখ্যসহ অজ্ঞাত ৬ জনকে আসামী করেছে। ঘটনার রাতে পুলিশ অভিযান চালিয়ে ফিরোজকে আটক করেছিল।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এই মামলার এজাহারভুক্ত আসামী ফিরোজকে রিমান্ডের আবেদন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদে ঘটনার মূল রহস্য উন্মোচন হতে পরে। এ ছাড়া এ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি