ধুনটে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় মেলায় বিক্রির উদ্যেশে বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে মা, ছেলে ও বিক্রয় কর্মীসহ ৫ জন আহত হয়েছে। বিস্ফোরনে গ্যাস ভরার সিলিন্ডারের পাশে থাকা ৫টি ঘরসহ আসবাবপত্র লন্ডভন্ড এবং ৭টি ছাগল ঘটনাস্থলেই মারা গেছে। মঙ্গলবার রাতে ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আসাদুর রহমান তার বাড়ির আঙ্গিনায় শিশুদের খেলনা বেলুনে গ্যাস ভরানোর সময় এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, উপজেলার চিকাশি ইউনিয়নের ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আসাদুর রহমান (৩০), তার মা ছানোয়ারা খাতুন (৫৫), ফদির উদ্দিনের ছেলে সোহাগ উদ্দিন (২৫), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২) ও আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০)। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বগুড়ার গাবতলী উপজেলায়ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা।
এই মেলা উপলক্ষে মঙ্গলবার রাতে ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আসাদুর রহমান তার বাড়ির আঙ্গিনায় শিশুদের খেলনা বেলুনে গ্যাস ভরানোর প্রস্তুতি নেয়। তিনি সিলিন্ডারে পরিমাণ মতো পানি মিশিয়ে কস্টিক সোডা আর অ্যালুমিনিয়াম পাউডার দিয়ে তৈরি করেন বিপজ্জনক হাউড্রোজেন গ্যাস। সেই গ্যাস বিভিন্ন কার্টুনের অবয়বে বানানো বাহারি ডিজাইনের খেলনা বেলুন ভরাতে ছিলেন। এ সময় গ্যাসের সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণে ৫জন আহত হয়। বিস্ফোরিত সিলেন্ডারের আঘাতে ঘটনাস্থলেই ৭টি ছাগল মারা গেছে। এ সময় ওই বাড়ির ৫টি ঘরসহ আসবাবপত্র লন্ডভন্ড হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানা বলেন, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আহত ব্যক্তিদের শরীরের প্রায় ৫০ শতাংশ ক্ষতবিক্ষত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের চিকিৎসার খোঁজ খবর নেওয়া হচ্ছে। বেলুনে ভরানোর জন্য নিরাপদ হিলিয়ামের পরিবর্তে নিষিদ্ধ হাইড্রোজেন ব্যবহারের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি