ধুনটে বাঙালী নদীতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার
ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার ধুনট উপজেলায় বাঙালী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজের ৩ ঘন্টা পর সুমন কুমার হাওয়ালদার (২৫) নামে এক জেলের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। নিহত সুমন কুমার বগুড়ার গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের মনি হাওয়ালদারের ছেলে। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর ঘাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বাঙালী নদীর ফরিদপুর ঘাট এলাকায় বেড় জাল দিয়ে সুমন কুমার ও তার সহযোগীরা মাছ ধরতে নামে। এসময় সুমন কুমার মাছ ধরার উদ্যোশে পানিতে ডুব দেয়। এরপর সে আর ভেসে ওঠেনি। অনেক খোঁজাখুঁজির পর ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামীম রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, বাঙালী নদীতে নিখোঁজের ৩ ঘন্টা পর জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন বলেন, নিহত জেলের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি