
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী ও ব্যবসায়ীদের সংঘর্ষের পর ঢাকা কলেজ কর্তৃপক্ষ সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে ঢাকা কলেজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নির্দেশনায় দেওয়া ঘোষণায় বলা হয়, ‘অনিবার্য কারণে মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।’
নিউমার্কেটে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় শিক্ষার্থী ও ব্যবসায়ী আহত হন। আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
এছাড়া বেশ কয়েকটি মোটরসাইকেল ও দোকানপাটে আগুন দেওয়া হয়। প্রায় আড়াই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এখনো সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]