
বাংলাপ্রেস ডেস্ক : নেপাল থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নারী ফুটবলারদের সাদরে বরণ করে নিয়েছে পুরো জাতি। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক সাবিনা খাতুন শিরোপা উৎসর্গ করেছেন দেশের সকল মানুষকে।
বুধবার দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশের মেয়েদের বহনকারী বিমান। তাদেরকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। সাফল্য নিয়ে দেশে ফেরার উদযাপনের শুরুতেই মহাসমারোহে কেক কাটেন সাবিনা। এরপর ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় মেয়েদের।
ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে ছাদখোলা বাসে ওঠে নারী ফুটবল দল। মেয়েরা বিমানবন্দরে নামার আগে সকাল থেকেই প্রচুর সমর্থক ভিড় জমান বিমানবন্দরে। সংবাদকর্মীরাও সকাল থেকেই ছিলেন সেখানে। ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মুখর ছিল বিমানবন্দর এলাকা। সাম্প্রতিক অতীতে কোনো ইভেন্ট কাভার করতে এত সংবাদকর্মী বিমানবন্দরে এসেছেন কি না, সন্দেহ। ছাদখোলা বাসে ওঠার আগের সংবাদকর্মীদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]