ডাকসুতে নূরদের ওপর হামলায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা করেছে।
সোমবার মধ্যরাতে ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
আজ মঙ্গলবার সকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এদিকে ভিপি নুরুল হক নূরসহ তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত তূর্যকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
প্রসঙ্গত, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নূরসহ তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এতে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে আহতরা দাবি করেন।
হামলায় আহত নূরসহ ২৮ জনকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ৫ জন সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন।
ওই হামলার সঙ্গে যারাই জড়িত থাক না কেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বলে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি