
বাংলাপ্রেস ডেস্ক: চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পুলিশসহ ১০ জন। আটক করা হয়েছে বিএনপির চট্টগ্রাম মহানগর সভাপতি ডা, শাহাদাত হোসেন সহ ১৫ জনকে। এদিকে, হত্যা ও হামলার প্রতিবাদে মহানগর ও বিভিন্ন জেলায় বিক্ষোভ করছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৫ মার্চ) বিকেলে চট্টগ্রামের চিটাগং ক্লাব ও আলমাস সিনেমা হলের সামনে থেকে দুটি মিছিল বের করে মহানগর বিএনপি। মিছিলটি কাজির দেউড়ি মোড়ে আসলে পুলিশ তাদের বাধা দেয়। এসময় নেতাকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষ হয়। আহত হয় পুলিশসহ ১০ জন। এ ঘটনার পর বিএনপির দলীয় কার্যালয় ও আশপাশের এলাকা থেকে আটক করা হয় ১৫ জনকে।
চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, কাজীর দেউড়িতে বিএনপি কার্যালয় নসিমন ভবনের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল ছোঁড়া হয়, তাদের ওপর হামলা করা হয় এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অ্যাকশনে যায় এবং বিএনপির ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]