চীনের কার্গো জাহাজে আগুন, প্রাণ গেল ২০ জনের
তিন ঘণ্টার বেশি সময় জ্বলছিল জাহাজটি।
বাংলাপ্রেস ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি ও বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে বিসিসি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কিংদাওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন বেইহাই শিপবিল্ডিং শিপইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার বেশি সময় পর দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
জাহাজটিতে মোট ৪২ জন ছিলেন।
তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
ঘটনার পর নিখোঁজদের উদ্ধারে সর্বাত্মক অভিযান চালানোর নির্দেশ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগুনের কারণ দ্রুত তদন্ত এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারের পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা থেকে দ্বিতীয় কোনো বিপর্যয় যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
জাহাজটির নাম ‘ওশান মেলোডি’ এবং এটি লাইবেরিয়ার পতাকাবাহী বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি