
বাংলাপ্রেস ডেস্ক: সোমবার সকালে খ্যাতিমান নাট্যকার অধ্যাপক মমতাজ উদ্দীন আহমেদের ঢাকায় দ্বিতীয় দফায় জানাজা শেষে সকাল ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের উদ্দেশে রওনা হয় এবং রাত সাড়ে ৮টায় ভোলাহাটে পৌঁছে।
ভোলাহাট উপজেলার বজরাটেক কানারহাট গ্রামে বাবার কবরের পাশে সোমবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে মরহুমের মরদেহ দাফন করা হয়। জানাজায় চাঁপাইনবাবগঞ্জ ১ ও ২ আসনের এমপি আমিনুল ইসলাম ও ডা. সামিল উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্বজন ও এলাকাবাসী অংশ নেন।
মমতাজ উদ্দীন আহমদ ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাশে ভারতের মালদায় জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করলেও চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় বসবাস শুরু করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি গত রবিবার (২ জুন) বিকেল ৩টা ৪৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি চট্টগ্রাম সরকারি কলেজ এবং পরে ঢাকা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগে অধ্যাপনা করেন। নাট্যকলায় অনন্য অবদানের জন্য তিনি ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার, আলাউল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খী রেখে যান।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]