২৪ নভেম্বর ২০২৬

চাকরিতে পদোন্নতির সুযোগ হারাচ্ছেন যেসব কারণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ এএম
চাকরিতে পদোন্নতির সুযোগ হারাচ্ছেন যেসব কারণে

ছবি: এআই জেনারেটেড

বাংলাপ্রেস ডেস্ক:  কর্মজীবনে ভালো পারফরম্যান্স ও কাজের দক্ষতা থাকলেই যে পদোন্নতি নিশ্চিত, বিষয়টি এমন নয়। কর্মক্ষেত্রে আচরণ, দায়িত্ব পালনের মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং কর্তৃপক্ষের আস্থাও পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক সময় দক্ষ কর্মীরাও নিজেদের কিছু অভ্যাস ও দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত পদোন্নতি থেকে বঞ্চিত হন।

চলুন নেওয়া যাক এরকম সাতটি কারণ যেগুলোর কারণে আপনার পদোন্নতি আটকে যেতে পারে কিংবা বিলম্ব হতে পারে-

১. দক্ষতা থাকলেও আচরণে সমস্যা

কোনো কর্মী কাজের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হলেও তার আচরণ যদি সহকর্মী ও অধস্তনদের সঙ্গে অসহযোগিতামূলক হয়, তাহলে পদোন্নতির ক্ষেত্রে তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে উচ্চপদে দায়িত্ব পালনের জন্য পেশাগত দক্ষতার পাশাপাশি ভালো ব্যবহার ও নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকা জরুরি।

কারণ একজন উচ্চপদস্থ কর্মকর্তার আচরণ পুরো প্রতিষ্ঠানের কর্মপরিবেশকে প্রভাবিত করে। তাই শুধু কাজ জানলেই হয় না, অন্যদের সঙ্গে সম্মানজনক ও দায়িত্বশীল আচরণ করাও গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহারের কারণে দীর্ঘদিন একই পদে থেকে যেতে হয় কর্মীদের।

২. অফিস রাজনীতিতে জড়িয়ে পড়া

কর্মক্ষেত্রে অফিস রাজনীতি এমন একটি বিষয়, যা সাময়িকভাবে কাউকে সুবিধা দিলেও দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতে পারে। ব্যক্তিগত স্বার্থে দলাদলি কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা কর্মীর পেশাগত ভাবমূর্তি নষ্ট করে।

বিশেষ কোনো গোষ্ঠী বা ব্যক্তির প্রভাবের ওপর নির্ভর করে যারা কর্মক্ষেত্রে এগিয়ে যেতে চান, তাদের জন্য পরিস্থিতি বদলে গেলে বিপদ তৈরি হতে পারে। প্রভাবশালী পক্ষের অবস্থান দুর্বল হলে তারাও নিজেদের অবস্থান হারাতে পারেন। এমনকি চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয়। তাই অফিস রাজনীতির পরিবর্তে নিজের কাজ ও যোগ্যতার ওপর গুরুত্ব দেওয়া উচিত।

৩. বাড়তি দায়িত্ব নিতে অনীহা

পদোন্নতির সঙ্গে সাধারণত দায়িত্ব ও কাজের পরিধিও বাড়ে। কিন্তু অনেক কর্মী নির্ধারিত কাজের বাইরে অতিরিক্ত কোনো দায়িত্ব নিতে চান না। প্রতিষ্ঠানের প্রয়োজনে বাড়তি দায়িত্ব পালনের মানসিকতা না থাকলে কর্তৃপক্ষ তাদের ওপর বড় দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়েন।

উচ্চপদে কাজ করার জন্য দায়িত্ব গ্রহণ, সমস্যা মোকাবিলা এবং প্রয়োজনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা প্রয়োজন। তাই দায়িত্ব এড়িয়ে চলার অভ্যাস পদোন্নতির পথে বাধা হতে পারে।

৪. সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিধা

একজন কর্মকর্তার অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হলো সময়মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। কিন্তু কেউ কেউ সিদ্ধান্ত নিতে অতিরিক্ত সময় নেন কিংবা ঝুঁকি এড়াতে সবকিছু অন্যের ওপর ছেড়ে দেন। এ ধরনের প্রবণতা কর্তৃপক্ষের কাছে নেতিবাচক হিসেবে বিবেচিত হতে পারে। অর্থাৎ দায়িত্বশীল পদে শুধু কাজ গুছিয়ে রাখলেই চলে না, প্রয়োজন অনুযায়ী দ্রুত ও যৌক্তিক সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাও থাকতে হয়।

৫. ব্যক্তিগত পক্ষপাত ও আবেগ নিয়ন্ত্রণে ব্যর্থতা

কর্মক্ষেত্রে আবেগের পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। বিশেষ করে নেতৃত্বের পর্যায়ে দায়িত্ব পালন করতে হলে ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নিতে হয়।

কেউ যদি ব্যক্তিগত সম্পর্কের কারণে কাউকে বাড়তি সুবিধা দেন কিংবা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেন, তাহলে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। পক্ষপাতদুষ্ট আচরণ কর্মীর পেশাগত গ্রহণযোগ্যতাও কমিয়ে দেয়। তাই উচ্চপদে যাওয়ার ক্ষেত্রে আবেগ নিয়ন্ত্রণ, নিরপেক্ষতা এবং পেশাদার মনোভাব ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৬. নতুন কিছু শেখার আগ্রহ না থাকা

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে প্রযুক্তি, কর্মপদ্ধতি ও অফিস ব্যবস্থাপনার ধরন। ফলে কর্মক্ষেত্রে টিকে থাকতে হলে প্রতিনিয়ত নতুন কিছু শেখা এবং পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া প্রয়োজন।

যেসব কর্মী পুরোনো অভিজ্ঞতা ও জ্ঞানের ওপর নির্ভর করে চলতে চান, তারা একসময় পিছিয়ে পড়তে পারেন। বিশেষ করে উচ্চপদে দায়িত্ব পালনের জন্য আধুনিক কর্মপদ্ধতি সম্পর্কে ধারণা এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলার দক্ষতা থাকা জরুরি। তাই নিয়মিত শেখার আগ্রহ না থাকলে কর্মজীবনে উন্নতির সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

৭. কর্তৃপক্ষের আস্থা অর্জনে ব্যর্থ হওয়া

পদোন্নতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো কর্তৃপক্ষের আস্থা অর্জন। একজন কর্মী কতটা দক্ষ, সৎ, দায়িত্বশীল ও শৃঙ্খলাপরায়ণ—এসব বিষয় বিবেচনা করেই সাধারণত তার ওপর বাড়তি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কোনো কর্মীর যোগ্যতা থাকলেও যদি তার সততা, বিশ্বস্ততা কিংবা দায়িত্ব পালনের বিষয়ে কর্তৃপক্ষের সন্দেহ থাকে, তাহলে পদোন্নতির দৌড়ে তিনি পিছিয়ে পড়তে পারেন।

তবে কর্তৃপক্ষের আস্থাভাজন হওয়ার অর্থ অন্ধ আনুগত্য নয়। বরং অন্যায়কে সমর্থন না করে সততা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার মাধ্যমে বিশ্বাস অর্জন করাই প্রকৃত অর্থে আস্থাভাজন হওয়ার পরিচয়।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি