চাকরির সন্ধানে ঢাকায় এসে সৎ বোনের সহায়তায় ধর্ষিত

বাংলাপ্রেস অনলাইন: চাকরির খোঁজে ঢাকায় এসে সৎ বোনের সহায়তায় ধর্ষণের শিকার হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জের এক নারী। এক সন্তানের জননী ২৫ বছর বয়সী ওই নারী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জখম অবস্থায় কে বা কারা সোমবার সকালে তাকে হাসপাতালে রেখে গিয়েছিল, তা জানা যায়নি। পাঁচজন তাকে ধর্ষণ করেছিল বলে জানালেও কোথায় এই ধর্ষণের ঘটনাটি ঘটেছে, তাও চেনেন না এই নারী।
জানাগেছে, ওই নারীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। সে যে সৎ বোনের বাসায় ধর্ষণের শিকার হয়েছে, সেখানকার ঠিকানা বলতে পারেন না। তবে তার বর্ণনা অনুযায়ী স্থানটি রাজধানীর গুলিস্থান সংলগ্ন মুরগিপট্টি কাপ্তান বাজার এলাকা হবে। একটু সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই ওই নারীকে নিয়ে ঘটনাস্থলের অনুসন্ধানে যাবেন জানিয়ে পুলিশ কর্মকর্তা জাফর বলেন, “আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও করা হবে।”
সকালে জরুরি বিভাগের সামনে চাদর মোড়ানো বিধ্বস্ত অবস্থায় এই নারীকে পাওয়া যায় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানিয়েছেন। হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, মেয়েটির জননাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পায়ের নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। ধারণা করা হচ্ছে, সে ধর্ষণের শিকার হয়েছে। সে বলছে, কয়েকজন মিলে তাকে ধর্ষণ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, “মেয়েটির উন্নত চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।”
ডা. বিলকিস বলেন, ওই নারী চাকরির জন্য ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন। তার এক ছেলে রয়েছে। বেশ কিছুদিন আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। পুলিশ জানিয়েছে, রোববার চাঁদপুর থেকে লঞ্চে ঢাকায় আসার পর গুলিস্থানে সৎ বোনের বাসায় উঠেছিলেন এই নারী। ওই বাসাই রাতভর তাকে ধর্ষণ করা হয়।
এএসআই বাবুল মিয়া বলেন, “কারা তাকে ফেলে গেছে, তা এখনও জানা যায়নি। তবে তার সৎ বোন ধর্ষণে সহায়তা এবং চার-পাঁচজন মিলে ধর্ষণ করে বলে জানিয়েছে।”
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি