সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যকে পুনর্বহালের সুযোগ নেই
বাংলাপ্রেস ডেস্ক: ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ওই ঘটনায় ৬ হাজার ২৮৬ জনকে চাকরিচ্যুত এবং ২ হাজার ৫১০ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করেই দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুতদের পুনর্বহালের সুযোগ নেই।
তিনি আরও বলেন, হত্যা ও বিস্ফোরক মামলার আসামি হওয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদেরও পুনর্বহালের সুযোগ নেই।
জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময় ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছিলেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সেসময় তারা রাজধানীতে আন্দোলনেও নেমেছিলেন। তাদের অভিযোগ, ২০০৯ সালে ‘ষড়যন্ত্রের শিকার’ হয়ে তারা চাকরিচ্যুত হয়েছিলেন।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসের মাথায় ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনার পর সীমান্ত রক্ষা বাহিনী বিডিআরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পোশাকেও পরিবর্তন আনা হয়েছে।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে ‘লংমার্চ’নয়, কার্যকর পরিকল্পনা দরকার: প্রধানমন্ত্রী
সঙ্গীত একাডেমি