বুয়েটের সমাবর্তনে রাষ্ট্রপতি : রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখা যাবে না
জাতীয় ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শিক্ষার্থীদের সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে। আর সেই স্বপ্ন হবে দেশ জাতি ও পরিবারের কল্যাণে। রডের বদলে বাঁশ, সিমেন্টের বদলে বালি দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখা যাবে না।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ১১তম সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বলেন তিনি। বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেম ও কর্মের মধ্য দিয়ে সমাজের সব অন্ধকার দূর করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, 'ছাত্র আমি ভালো ছিলাম না। ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই নাই। আমি ইন্টারমিডিয়েটে এক বিষয়ে লজিকে (যুক্তিবিদ্যা) রেফার্ড পাইছিলাম। তখন সারাদেশের রেফার্ড বিষয়ের পরীক্ষাগুলো ঢাকা কলেজে নেয়া হতো। তাই এক বিষয়ে ঢাকা কলেজে রেফার্ড পরীক্ষা দিতে ঢাকায় এসে বুয়েটের শেরেবাংলা হোস্টেলে স্ত্রীর ছোট ভাইয়ের (শালার) রুমে উঠি। এক-দেড় মাস হোস্টেলে থাকার সুবাদে সবাই জেনে যায় আমি একজনের দুলাভাই লাগি। তারা আমারে দুলাভাই ডাকে আর আমি পাইকারিভাবে শালা ডাকতাম।’
আবদুল হামিদ বলেন, ‘ওই সময় বুয়েটে কোনো নারী শিক্ষার্থী ছিল না। বর্তমানে প্রায় ৩০ ভাগ শিক্ষার্থী ছাত্রী। দেশের মেয়েরা এগিয়ে যাচ্ছে এটাই তার প্রমাণ।’
সমাবর্তনে রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যসহ আরও অনেকে। সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি