
বাংলাপ্রেস ডেস্ক: দেশে আগামী বৃহস্পতিবার মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যাবে। শুরু হবে দ্বিতীয় ডোজ দেওয়া।
স্বাস্থ্য অধিদপ্তর এক নির্দেশনায় আজ মঙ্গলবার সংশ্লিষ্টদের এ কথা জানিয়েছে। এতে আরও বলা হয়, আগামী শনিবার সারা দেশে সিনোফার্ম টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।
দেশে কিছুদিন ধরে করোনার টিকার প্রথম ডোজ হিসেবে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না ও চীনে তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছিল। সংরক্ষণ সহজ হওয়ায় উপজেলা পর্যায়ে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছিল। আর যেহেতু মডার্নার টিকা সংরক্ষণ জটিল, তাই তা শহরে রেখে সেখানকার মানুষদের দেওয়া হচ্ছিল।
বাংলাদেশে আজ সন্ধ্যা সাতটা পর্যন্ত হিসাবে, প্রায় ২ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার টিকা এসেছে। এর মধ্যে ৫৫ লাখ ছিল মডার্নার, যা যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া। আর চীনের সিনোফার্মের টিকা এসেছে ৮১ লাখের মতো। এর বাইরে আজ চীন থেকে আরও ১৭ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত সোমবার পর্যন্ত মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৯ লাখের কিছু বেশি। আর সামান্য কিছু টিকা দ্বিতীয় ডোজ হিসেবে দেওয়া হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]