
বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ও তার উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম হঠাৎ পদত্যাগের ঘোষণা দেওয়ায়। তার স্থলাভিষিক্ত হওয়ার তালিকায় রয়েছেন জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ইভাঙ্কা ট্রাম্প। শুক্রবার ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
কিম সোমবার আকস্মিকভাবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার তিন বছরের বেশি সময় আগে তিনি এমন ঘোষণা দিলেন।ওই সংবাদপত্রের খবরে বলা হয়, ইভাঙ্কা ট্রাম্প ও নিকি হ্যালির এ পদের তালিকায় ট্রেজারি আন্ডারসেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডেভিড মালপাস ও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রধান মার্ক গ্রীন রয়েছেন।
এদিকে গত মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের পদ থেকে হ্যালি পদত্যাগ করেন।শুক্রবার মার্কিন অর্থ বিভাগ জানায়, সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে তাদের মন্তব্য নেই।
এক মুখপাত্র বলেন, অর্থ বিভাগ বিশ্বব্যাংকের এ পদের জন্য উল্লেখযোগ্যসংখ্যক নামের সুপারিশ হাতে পেয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন মনোনয়নের জন্য আমরা অভ্যন্তরীণ পর্যালোচনা প্রক্রিয়ার কাজ শুরু করেছি। আমারা বিশ্বব্যাংকের নতুন নেতা নির্ধারণ করতে গভর্নরদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।
এদিকে বিশ্বব্যাংক বোর্ড বৃহস্পতিবার জানায়, আগামী মাসের গোড়ার দিকে নতুন নেতা নির্বাচনের জন্য তারা মনোনয়নের কাজ শুরু এবং মধ্য-এপ্রিল নাগাদ কাউকে কিমের স্থলাভিষিক্ত করবে।
বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]