বহু রাজ্যে স্ন্যাপ জালিয়াতির অভিযোগে ম্যাসাচুসেটসের চার ব্যক্তির বিরুদ্ধে মামলা
ডিপার্টমেন্ট অব জাস্টিস
ইমা এলিস: যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) বুধবার জানিয়েছে ১.১ মিলিয়ন ডলারের একটি বহু–রাজ্যভিত্তিক ফেডারেল খাদ্য সহায়তা (স্ন্যাপ) জালিয়াতি চক্রে জড়িত থাকার অভিযোগে ম্যাসাচুসেটসের চার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ফেডারেল কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, জোয়েল ভিসিওসো ফার্নান্দেজ, রাউল ফার্নান্দেজ ভিসিওসো এবং ভেনেজুয়েলার দুই নাগরিক রোমান ভেকুইজ ফার্নান্দেজ ও কোরালবা আলবারাসিন সিনিভা দেশজুড়ে বিভিন্ন মানুষের পরিচয় চুরি করে ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) সুবিধা নেওয়ার অভিযোগে অভিযুক্ত।
এ ছাড়া, জাল পরিচয় ব্যবহার করে ছয়টি অঙ্গরাজ্য থেকে কোভিড–১৯ মহামারিকালীন বেকার ভাতা হিসেবে প্রায় ৭ লাখ ডলার আত্মসাতের অভিযোগও রয়েছে।
ম্যাসাচুসেটসের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি লিয়া ফোলি বলেন, দেশজুড়ে ব্যাপক জালিয়াতি চলছে এটা কোনো গোপন বিষয় নয়। আজ ঘোষিত অভিযোগগুলো শুধু ম্যাসাচুসেটস নয়, সারা দেশের বড় সমস্যার একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি।
তিনি জানান, প্রতারণার মাধ্যমে বিনা খরচে পাওয়া এসএনএপি সুবিধার পণ্য ব্যবহার করে অভিযুক্তরা এল প্রিমো রেস্তোরাঁ–তে খাবার প্রস্তুত ও বিক্রি করতেন এবং পুরো লাভটাই নিজেদের কাছে রাখতেন। পরে সেই অর্থের একটি অংশ ভেনেজুয়েলা ও ডোমিনিকান রিপাবলিক–এ বসবাসরত ব্যক্তিদের কাছে পাঠানো হতো।
ফোলি আরও জানান, রোড আইল্যান্ড–এর কর্মকর্তারা ২০২৪ সালের জুনে জালিয়াতির বিষয়টি শনাক্ত করেন যখন দেখা যায়, রাজ্যের দুটি অ্যাপার্টমেন্ট ঠিকানা থেকে ১১৭ জনের নামে এসএনএপি আবেদন জমা পড়েছে।
রাউল ফার্নান্দেজ ভিসিওসোর বাসভবন ও রেস্তোরাঁ তল্লাশি করে তদন্তকারীরা ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের জালিয়াতির মাধ্যমে পাওয়া ইবিটি কার্ড, প্রভিডেন্সের একটি ঠিকানা সংবলিত জাল নথি, মুদ্রিত লেজার, হাতে লেখা ১০০–এর বেশি পরিচয়ের তালিকা এবং স্ন্যাপ সংক্রান্ত ডাকপত্র উদ্ধার করেন।
ফোলি বলেন, শুধু কার্ড বন্ধ করে দিলে এই ধরনের জালিয়াতি থামে না। এতে অভিযুক্তরা নতুন পরিচয় চুরি করে একই প্রতারণা চালিয়ে যেতে পারে।
চার অভিযুক্তের বিরুদ্ধেই এসএনএপি সুবিধা ব্যবহার, হস্তান্তর, অর্জন ও দখলের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি