বাংলাদেশের নির্বাচন কেন অবাধ ও সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নেই
বাংলাদেশের নির্বাচন
ছাবেদ সাথী
মুহাম্মদ ইউনূস প্রশাসন জামায়াতকে কার্যত অবাধ সুযোগ দিচ্ছে এবং নির্বাচন কমিশনের নতুন কাঠামো জামায়াত–ঘনিষ্ঠ হওয়ায় বিএনপির জন্য পরিস্থিতি ক্রমেই হতাশাজনক হয়ে উঠছে।
বাংলাদেশে অবাধ নির্বাচনের যে প্রতিশ্রুতি যাকে গত ১৫ বছরের মধ্যে প্রথম বলে তুলে ধরা হচ্ছিল তা এখন ক্রমেই ফিকে হয়ে আসছে।
যে কর্তৃপক্ষ নির্বাচন পরিচালনা করছে, অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তার কোনো সাংবিধানিক বৈধতা নেই। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘ডকট্রিন অব নেসেসিটি’ (প্রয়োজনীয়তার নীতি) দেখিয়ে এই সরকার গঠন করেন যে যুক্তি পাকিস্তানে বহুবার সামরিক অভ্যুত্থান বৈধতা দিতে ব্যবহৃত হয়েছে। যদিও জামান নিজে সামরিক শাসনের বিরোধী ছিলেন এবং তিনি মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের জন্য চাপ দেন।
এক বছরের বেশি সময় টালবাহানার পর অবশেষে ইউনূস নির্বাচন কমিশনকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য করেন। কিন্তু একই সঙ্গে একটি সাংবিধানিক গণভোট যুক্ত করে তিনি নতুন করে বিভ্রান্তি তৈরি করেন।
আইন বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান বাংলাদেশ সংবিধানে কোনো পরিস্থিতিতেই গণভোটের বিধান নেই যেমন নেই অন্তর্বর্তী সরকারের ব্যবস্থাও। ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, ‘নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ এবং গণভোটের সঙ্গে নির্বাচন আয়োজন উভয়ই বর্তমান সংবিধানের বিধানের সম্পূর্ণ পরিপন্থী।’
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নয়
এই নির্বাচন যে অন্তর্ভুক্তিমূলক নয়, তা প্রায় নিশ্চিত যা নিয়ে ভারতও বরাবরই জোর দিয়েছে। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। ইউনূস শুরুতে এটিকে সাময়িক বলে উল্লেখ করলেও, নির্বাচনের আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি।
আওয়ামী লীগ শুধু ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলই নয়; স্বাধীনতার পর দেশের প্রায় অর্ধেক সময় ক্ষমতায় থেকেছে। তানিয়া আমীর প্রশ্ন তোলেন, ‘কংগ্রেস ছাড়া কি ভারতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব? কিংবা ডেমোক্র্যাট ছাড়া যুক্তরাষ্ট্রে?’
তিনি বলেন, বাংলাদেশের আরেক প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যারা দুই মেয়াদে দেশ শাসন করেছে তাদের এই নির্বাচনে না আসাই উচিত ছিল। ‘তারা হয়তো পুরোপুরি অবৈধ একটি প্রক্রিয়াকে বৈধতা দিচ্ছে,’ তিনি মন্তব্য করেন।

নির্বাচন–পরবর্তী অনিশ্চয়তা
আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকায় বিএনপি হয়তো ২০ বছর পর ক্ষমতায় ফেরার বড় সুযোগ দেখছে। কিন্তু ইউনূস এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী আলী রিয়াজ—যিনি সাংবিধানিক সংস্কার কমিশনের প্রধান নির্বাচন–পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছেন। তাঁদের বক্তব্য অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সংখ্যাগরিষ্ঠতা এলে ১২ ফেব্রুয়ারিতে নির্বাচিত প্রতিনিধিরা একটি কার্যকর সংসদ নয়, বরং একটি গণপরিষদ (Constituent Assembly) গঠন করবেন।
রিয়াজ সম্প্রতি সাংবাদিকদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট মানে জুলাই সনদের জাতীয় গ্রহণযোগ্যতা যার ভিত্তিতে “জুলাই–আগস্ট ২০২৪ বিপ্লবের চেতনা অনুযায়ী” নতুন সংবিধান প্রণয়ন করতে হবে।
আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, নির্বাচিত সংসদকে যদি গণপরিষদে নামিয়ে আনা হয়, তবে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর জামায়াতে ইসলামী–নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট নতুন রাষ্ট্রকাঠামোয় আবারও নির্বাচনের দাবি তুলতে পারে।
জামায়াতের চ্যালেঞ্জ
জামায়াত–নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। বেশিরভাগ প্রাক–নির্বাচনী জরিপে দেখা যাচ্ছে, তারা বিএনপির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
বাংলাদেশের জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, জামায়াত নেতৃত্ব অন্তত ৪৩টি ‘অত্যন্ত হাড্ডাহাড্ডি’ আসনে ৪০ জন জেলা প্রশাসক ও ২৪ জন পুলিশ সুপারকে মোটা অঙ্কের ঘুষ দিয়েছে—যেখানে ফলাফল যেকোনো দিকে যেতে পারে।
ইসলামপন্থী দলটি আরও নানা কৌশল নিচ্ছে যেমন দরিদ্র নারী ভোটারদের কাছ থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ, যা পরে ব্যাপকভাবে জাল ভোটে ব্যবহৃত হতে পারে। অভিযোগ রয়েছে, এসব নারীদের অর্থ দিয়ে প্রলুব্ধ করা হচ্ছে।
ইউনূস প্রশাসনের নীরব সমর্থন এবং নির্বাচন কমিশনের জামায়াত–ঘনিষ্ঠ কাঠামোর সুযোগ নিয়ে দলটি এমন এলাকায় ভোটার স্থানান্তরও ঘটাচ্ছে, যেখানে তাদের শক্তি দুর্বল—সেসব এলাকা থেকে ভোটার এনে বিএনপির সঙ্গে জয়ের সম্ভাবনা থাকা আসনে বসানো হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস ইতিমধ্যেই এ নিয়ে আপত্তি তুলেছেন, কিন্তু কোনো ফল হয়নি।
গোয়েন্দা সূত্র জানায়, জামায়াতের পরিকল্পনা হলো সকালেই বিপুল সংখ্যক সন্দেহজনক ভোটারকে কেন্দ্রে হাজির করা এবং সংঘর্ষ উসকে দিয়ে বিলম্ব ঘটিয়ে বিএনপি সমর্থকদের ভোট দিতে না দেওয়া। পরবর্তী ধাপে বড় ধরনের সহিংসতা ছড়িয়ে বিএনপি–সমর্থিত এলাকায় ভোটগ্রহণ ঠেকানো হতে পারে।
তারা আরও দাবি করেন, ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটিতেও জামায়াত অনুপ্রবেশ করেছে যার মাধ্যমে প্রিসাইডিং অফিসার ও অন্যান্য ভোটকর্মীদের প্রভাবিত করে ভোট কারচুপি সম্ভব।
বিএনপির ভেতরের ভাঙন
বিএনপি নিজেও ভেতরের বিভক্তিতে ভুগছে। মনোনয়ন না পাওয়া প্রার্থীরা ব্যাপকভাবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এতে দলের ভোটব্যাংক বিভক্ত হতে পারে। অনেক আসনে এই বিদ্রোহীরা জিততে পারেন, কারণ মাঠপর্যায়ের ক্যাডার সমর্থন তাদের নিয়ন্ত্রণে।
এ ছাড়া শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলায় বিএনপি–সমর্থকদের ভূমিকা থাকায় দলটি রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনে যে প্রতিহিংসা জমেছিল, তার প্রতিফলন হিসেবে বিএনপি সমর্থকরাই অনেক ক্ষেত্রে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায়ই ভিত্তিহীন মামলা দায়ের করেছে।
নির্বাচনী বিশ্লেষকদের মতে, এখনও ৩০ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। ফলে শেষ পর্যন্ত ফল নির্ভর করবে এই ভোটাররা কোন দিকে যান তার ওপর।
শেখ হাসিনা ইউনূস সরকারের আয়োজিত এই “অবৈধ নির্বাচন” বয়কটের আহ্বান জানালেও, দেশে থাকা আওয়ামী লীগ নেতারা স্বীকার করছেন শীর্ষ নেতৃত্বের বড় অংশ বিদেশে বা কারাগারে থাকায় পূর্ণ বয়কট কার্যকর করা কঠিন। স্থানীয় নিরাপত্তার স্বার্থে অনেক সমর্থক পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারেন।
জামায়াত যেহেতু আওয়ামী ক্যাডারদের ওপর আক্রমণ এড়িয়ে গেছে এবং মামলায় সহায়তা বা আইনি সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে টানছে, অনেক আসনে তারা আওয়ামী ভোট নিজেদের দিকে টানতে সক্ষম হতে পারে।
এই বাস্তবতা উপলব্ধি করে বিএনপি এখন মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কথা বলছে, এমনকি উন্নয়নে শেখ হাসিনার ভূমিকার প্রশংসাও করছে। তবে তৃণমূলের আওয়ামী নেতারা এটিকে ‘খুব দেরিতে আসা’ পদক্ষেপ হিসেবে দেখছেন।
ফলে স্বাধীনতার পর এই প্রথম জামায়াতে ইসলামী ক্ষমতা দখলের কার্যকর চ্যালেঞ্জ জানাতে পারে যা বিএনপির নেতৃত্বাধীন জোটে জুনিয়র অংশীদার থাকার সময়ের সঙ্গে সম্পূর্ণ বিপরীত, যখন তাদের ভোটশেয়ার কখনোই দুই অঙ্ক ছাড়ায়নি।
শোনা যাচ্ছে, বৈশ্বিক ভাবমূর্তি সামাল দিতে ভবিষ্যৎ রাষ্ট্রপদ ইউনূসকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াত যাতে দলটিকে কট্টরপন্থী হিসেবে দেখা না হয়। বিনিময়ে অন্তর্বর্তী প্রশাসন থেকে তারা সর্বোচ্চ সহায়তা পাচ্ছে এমনকি সাম্প্রতিক সামরিক নিয়োগগুলোর বেশিরভাগই জামায়াতের আশীর্বাদে হয়েছে বলে বিশ্বাস করা হয়।
এক অর্থে, জামায়াত ও ইউনূস দু’পক্ষই লাভবান। এমনকি বিএনপি জয়ী হলেও, ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন এবং পরে পদত্যাগের মাধ্যমে তাদের পথ কঠিন করে দিতে পারেন।
শুধু তখনই এই পরিস্থিতি এড়ানো সম্ভব, যদি বিএনপি বিপুল ব্যবধানে জয়ী হয় যা এই মুহূর্তে খুব একটা সম্ভাব্য বলে মনে হচ্ছে না।
ছাবেদ সাথী: যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক, সাংবাদিক ও মার্কিন রাজনৈতিক বিশ্লেষক। সম্পাদক বাংলা প্রেস।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি