১১ মে ২০২৬

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত: ইউনিসেফ
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৪ সালে চরম আবহাওয়াজনিত ঘটনা যেমন তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে বাংলাদেশের তিন কোটি ৩০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ইউনিসেফ বাংলাদেশ তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, "লার্নিং ইন্টারাপটেড: গ্লোবাল স্ন্যাপশট অব ক্লাইমেট-রিলেটেড স্কুল ডিসরাপশন ইন ২০২৪" শীর্ষক এই গবেষণায় প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাবে শিক্ষার ব্যাঘাতের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বব্যাপী তাপপ্রবাহ, ঝড় ও বন্যার কারণে অন্তত ৭৭টি দেশের ২৪ কোটি ৭০ লাখ শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। দক্ষিণ এশিয়া এই সংকটে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল হিসেবে উঠে এসেছে। বাংলাদেশে এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহের কারণে দুই সপ্তাহ স্কুল বন্ধ রাখতে হয়েছে। মে মাসে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে এবং জুনের তীব্র বন্যার ফলে শিক্ষায় মারাত্মক বিপর্যয় নেমে আসে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় সিলেট, যেখানে অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে ছয় লাখেরও বেশি শিক্ষার্থী স্কুল থেকে ঝরে পড়েছে। খুলনা, চট্টগ্রাম ও রংপুরেও শিশুরা ছয় সপ্তাহ পর্যন্ত শিক্ষার সুযোগ হারিয়েছে। ইউনিসেফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চরম আবহাওয়ার প্রভাব শুধু শিশুদের শিক্ষায় ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় শিশুদের, বিশেষত কন্যাশিশুদের ঝরে পড়ার হার এবং বাল্যবিবাহের ঝুঁকি বেড়ে যাচ্ছে। বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, "জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার কারণে বাংলাদেশের শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এটি শুধু শিক্ষার সমস্যা নয়, বরং তাদের ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে।" ইউনিসেফ জলবায়ু পরিবর্তনজনিত এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তিনটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে: ১. শিক্ষা খাতে জলবায়ু সহনশীল অবকাঠামো তৈরিতে অর্থায়ন বৃদ্ধি। ২. জাতীয় জলবায়ু পরিকল্পনার আওতায় শিশুকেন্দ্রিক নীতির বাস্তবায়ন। ৩. জলবায়ু নীতি প্রণয়ন প্রক্রিয়ায় শিশু ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে শিশুদের শিখন দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তনজনিত সংকট পরস্পর–সম্পর্কিত দুটি বড় সমস্যা, যা শিশুদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। ইউনিসেফ নীতিনির্ধারকদের প্রতি শিশুদের প্রয়োজনগুলোকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি