আংশিক সরকারি শাটডাউন শেষ করতে প্রতিনিধি পরিষদের দৌড়ঝাঁপ
প্রতিনিধি পরিষদ
নোমান সাবিত: সরকারি শাটডাউন শেষ করতে চলতি সপ্তাহে দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে প্রতিনিধি পরিষদ।
নিম্নকক্ষটি একটি বৃহৎ অর্থায়ন প্যাকেজ বিবেচনা করবে, যেখানে পাঁচটি পূর্ণ-বছরের বরাদ্দ বিল এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে (ডিএইচএস) বর্তমান অর্থায়ন স্তরে দুই সপ্তাহ চালু রাখার জন্য একটি অস্থায়ী ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। সিনেট ইতিমধ্যে গত সপ্তাহে এই প্যাকেজটি পাস করেছে। তবে বিলটি চূড়ান্তভাবে পাস করানো সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
স্পিকার মাইক জনসন (রিপাবলিকান–লুইজিয়ানা) দ্রুতগতির একটি পদ্ধতিতে বিলটি পাস করাতে চেয়েছিলেন, যাতে জটিল প্রক্রিয়াগত ভোট এড়ানো যায়। তবে এ ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। কিন্তু প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফরিজ (ডেমোক্র্যাট–নিউইয়র্ক) স্পিকারকে জানিয়ে দেন, ডেমোক্র্যাটরা এই দ্রুত পদ্ধতিতে প্রয়োজনীয় ভোট দেবে না।
এর ফলে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা রিপাবলিকান নেতৃত্বকে এখন নিজেদের দলের সব সদস্যের সমর্থন নিশ্চিত করেই বিলটি এগিয়ে নিতে হবে।
এ অবস্থায় প্রতিনিধি পরিষদের রুলস কমিটি সোমবার বিলটি নিয়ে আলোচনা করবে। ফলে অন্তত মঙ্গলবার পর্যন্ত শাটডাউন চলবে বলেই ধারণা করা হচ্ছে।
হোয়াইট হাউস ও সিনেট ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার পর সিনেটে এই প্যাকেজটি পাস হয়। সমঝোতা অনুযায়ী, ডিএইচএসের বরাদ্দ বিলটি বাকি পাঁচটি পূর্ণ-বছরের অর্থায়ন বিল থেকে আলাদা করা হয় এবং বিভাগের অর্থায়ন অস্থায়ীভাবে বাড়ানো হয়। মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার পর ডেমোক্র্যাটরা ডিএইচএসের অর্থায়ন বাদ না দিলে পুরো ‘মিনিবাস’ বিল আটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন।
আগামী দুই সপ্তাহে সিনেট ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের সঙ্গে ডিএইচএস বরাদ্দ বিল নিয়ে সংস্কার আলোচনা করতে চান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে এই সমঝোতাকে সমর্থন জানিয়ে বলেন, “আরেকটি দীর্ঘ ও ক্ষতিকর সরকারি শাটডাউনই একমাত্র বিষয়, যা আমাদের দেশকে ধীর করে দিতে পারে।”
তিনি লেখেন, আশা করি রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ই অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্বিদলীয় ‘হ্যাঁ’ ভোট দেবেন।
অন্যান্য কংগ্রেসীয় অগ্রগতি
ক্লিনটনদের বিরুদ্ধে অবমাননা প্রস্তাব: প্রতিনিধি পরিষদ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবে ভোট নিতে পারে। চলতি মাসের শুরুতে নির্ধারিত জবানবন্দিতে হাজির হতে অস্বীকার করেছিলেন তারা।
নোয়েমের অভিশংসন আলোচনা: হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নোয়েমের বিরুদ্ধে “গুরুতর অপরাধ ও অসদাচরণ”-এর অভিযোগে প্রতিনিধি রবিন কেলি (ডেমোক্র্যাট–ইলিনয়) উত্থাপিত অভিশংসন প্রস্তাবে এখন পর্যন্ত ১৬২ জন আইনপ্রণেতা স্বাক্ষর করেছেন। মিনেসোটার পরিস্থিতি উত্তপ্ত থাকায় এ সংখ্যা আরও বাড়তে পারে।
ফ্লোরিডার রিপাবলিকানের বহিষ্কার উদ্যোগ: প্রতিনিধি গ্রেগ স্টিউব (রিপাবলিকান–ফ্লোরিডা) জানান, তিনি প্রতিনিধি শিলা চেরফিলাস-ম্যাককরমিক (ডেমোক্র্যাট–ফ্লোরিডা)–কে কংগ্রেস থেকে বহিষ্কারের উদ্যোগ নিচ্ছেন। প্রতিনিধি পরিষদের নৈতিকতা কমিটির এক প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রতারণায় জড়িত থাকার 'যথেষ্ট কারণ' পাওয়ার কথা বলা হয়েছে।
(*এই প্রতিবেদনটি বাংলা প্রেসের তৈরি। অনুমতি ছাড়া আমাদের বিষয়বস্তু, ছবি বা সম্প্রচার অন্য কোনো সংবাদমাধ্যমে পুনঃপ্রকাশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ)।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি