আন্দোলন করে কোন দুর্নীতিবাজকে মুক্ত করা যাবে না : হানিফ

বাংলাপ্রেস অনলাইন : আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলন করে কোন দুর্নীতিবাজকে মুক্ত করা যাবে না। বাংলাদেশের মানুষ কোন দুর্নীতিবাজকে রক্ষার জন্য আন্দোলন করবে না। আজ বুধবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের তৃতীয় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ নেতা মাহবুব উল-আলম হানিফ বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করতে হবে। এছাড়া তিনি অপরাধ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনার আবেদন করতে পারেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য বেশি কাজ করেছেন। মুসলিম উম্মাহর সাড়ে চৌদ্দশ’ বছরের ইতিহাসে তিনি একমাত্র সরকার প্রধান যিনি একযোগে সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ করছেন। সারাদেশে এক হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা করেছেন। কওমি সনদের স্বীকৃতির মাধ্যমে কওমি আলেমদের সরকারি চাকরিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।’
হানিফ আরো বলেন, ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। ইসলাম কখনো সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। এদেশের কওমি ও আলিয়ার মাদ্রাসার ছাত্ররা জঙ্গিবাদে জড়িত হতে পারে না। জঙ্গিদের অনেকে আধুনিক স্কুল ও ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। এর পেছনে কাজ করছে জামায়াতে ইসলাম। জামায়াত বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে। এরা বাংলাদেশ ও ইসলামের শত্রু।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মেহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক লুৎফর রহমান সরকার, ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক জালাল আহমদ, পরিচালক একেএম ফজলুর রহমানসহ ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চার শতাধিক ইমাম উপস্থিত ছিলেন।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি