৭ মে ২০২৬

আমেরিকা দৌড়াচ্ছে করোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আমেরিকা দৌড়াচ্ছে করোনা

বাংলাপ্রেস ডেস্ক: প্রাণঘাতী করোনো ভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার। ১৭২টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি মোকাবেলায় দেশে দেশে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। সীমান্ত বন্ধ করে দেয়াসহ মানুষজনের চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রায় সব দেশে জনসমাবেশ এড়াতে স্কুল, কলেজ, সিনেমা, রেস্তোরাঁ, গণপরিবহন, বিমান চলাচল বন্ধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এরপরও নতুন নতুন দেশে করোনা ছড়িয়ে পড়ছে। করোনার সংক্রমন ছড়াচ্ছে যুক্তরাষ্ট্রের রাজ্য থেকে রাজ্যে। স্থির দাঁড়িয়ে আছে আমেরিকা।

জনজীবন বিপর্যস্ত। কিন্তু দুর্বার গতি নিয়ে দৌড়াচ্ছে করোনা। এমন পরিস্থিতিতে বিশ্বে লাখ লাখ মানুষ মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাজ্যের একদল গবেষকের দাবি, করোনায় যুক্তরাষ্ট্রে ২২ লাখ ও যুক্তরাজ্যে পাঁচ লাখ মানুষ মারা যেতে পারে। এছাড়া ইরানেও ৩৫ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি, রয়টার্স, এএফপি, সিএনএন, আলজাজিরা, এনডিটিভির।

করোনায় প্রতিদিনই ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ৩৪৫ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫০৩ জনে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বে মোট দুই লাখেরও বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে এবং কমপক্ষে আট হাজার মানুষ মারা গেছে।

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে প্রবেশে ইউরোপীয়দের ওপর এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে নির্দেশনা জারি করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান (ডব্লিউএইচও) টেড্রোস আডানম গেব্রিয়াসুস বলেছেন, করোনার বৈশ্বিক মহামারী ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছে না দেশগুলোর সরকার। সন্দেহভাজন সব রোগীকে পরীক্ষার আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৪৫ জনের মৃত্যু (বৃহস্পতিবার পর্যন্ত) : ইতালিতে আবারও নতুন করে করোনায় ৩৪৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫০৩ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৫২৬ জন। দেশটিতে নারীদের তুলনায় পুরুষ বেশি মারা যাচ্ছে। এ পর্যন্ত মৃত্যুর হার নারী ৩৮ ভাগ, পুরুষ ৬২ ভাগ।

যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে : যুক্তরাজ্যে করোনা পরিস্থিতি ইতালি বা ইরানের মতো ভয়াবহ না হলেও ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে দেশটির সরকার। লন্ডনের ইম্পিরিয়াল কলেজের ম্যাথমেটিক্যাল বায়োলজির অধ্যাপক নিল ফার্গুসনের নেতৃত্বে একদল গবেষক করোনা পর্যবেক্ষণ করেন। তাদের দাবি- করোনা মোকাবেলায় আরও কড়া পদক্ষেপ নেয়া না হলে যুক্তরাজ্যে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে।

সম্প্রতি চীনের পর করোনা আক্রান্ত হওয়া বা মৃত্যু হার ইতালিতে হু-হু করে বাড়ছে। ইতালিতে ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা সাড়ে ৩১ হাজারেরও ওপরে। ইতালি থেকে করোনা সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করে পর্যবেক্ষণ করেছেন ইম্পিরিয়াল কলেজের গবেষকরা। ১৯১৮ সালে বিশ্বজুড়ে ফ্লুর কারণে যে অতি মহামারী হয়েছিল, সেটির সঙ্গে করোনাকে তুলনা করা হয়েছে। এ ফ্লুতে গোটা বিশ্বে পাঁচ কোটিরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এতে কেবল যুক্তরাজ্যেই দুই লাখ ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। গবেষকদের দাবি, এখনই সতর্ক না হলে মৃত্যে হারে সে সংখ্যাকেও ছাপিয়ে যাবে যুক্তরাজ্য। যুক্তরাজ্য ছাড়াও করোনার কোপে কেবল যুক্তরাষ্ট্রেই ২২ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে করোনার হানা। ওয়েস্ট ভার্জিনিয়ায় একজন আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার প্রথম আক্রান্ত রোগীর খবর জানিয়ে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস বলেন, আমরা জানতাম এটি আসছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্যে বলা হয়- যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭ হাজারেরও অধিক জন আক্রান্ত এবং ১০৮ জনের মৃত্যু হয়েছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে।

এর পাশাপাশি নিউইয়র্ক অঙ্গরাজ্যে ১৬ জন ও ক্যালিফোর্নিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ইলিনয় অঙ্গরাজ্য করোনায় প্রথম মৃত্যুর কথা ঘোষণা করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্য এ ভাইরাসজনিত মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো বে এলাকার কর্মকর্তারা ইতিমধ্যে ওই এলাকার ৬৭ লাখ বাসিন্দাকে জরুরি প্রয়োজন ছাড়া ৭ এপ্রিল পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছেন, অঙ্গরাজ্যের গভর্নররা অনুরোধ করলে ভাইরাসের কবলিত এলাকাগুলোতে ফিল্ড হাসপাতাল স্থাপনের জন্য মার্কিন সামরিক বাহিনীকে ডাকতে পারে হোয়াইট হাউস। ইরানে ৩৫ লাখ মানুষ মারা যাবে : গত কয়েক সপ্তাহে ইরানে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে করোনা। এতে দেশটিতে প্রায় এক হাজার মানুষ মারা গেছে, আক্রান্ত হয়েছে ১৬ হাজারের বেশি। দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে দেশটিতে ৩৫ লাখ মানুষ প্রাণ হারাতে পারে বলে সতর্ক করেছেন এক বিশেষজ্ঞ।

শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে এ আশঙ্কার কথা বলা হয়েছে। ইরানের সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেলে এ ধরনের তথ্য প্রচার দেশটিতে করোনা সংকটের ভয়াবহতার চিত্রই তুলে ধরছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ১৬৯ জন। মোট মৃতের সংখ্যা ৯৮৮।

এবার সীমান্ত বন্ধ করে দিল ইউরোপীয় ইউনিয়ন : করোনার প্রাদুর্ভাবে ৩০ দিনের জন্য ইউরোপীয় ইউনিয়নের ভ্রমণকারীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভূক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডের আওতায় থাকবে। তবে যুক্তরাজ্য এ ব্যবস্থার বাইরে থাকবে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউ-নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সবার ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।

তাইওয়ানে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা : তাইওয়ানে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার দেশটির এপিডেমিক সেন্ট্রাল কমান্ড সেন্টারের এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। তাইওয়ানে বসবাসরত বিদেশি নাগরিক, কূটনীতিক, খ্যাতনামা ব্যবসায়ী বা বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তির বাইরে অন্যদের আপাতত দেশে প্রবেশের অনুমতি দেয়া হবে না। বৃহস্পতিবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

নিউজিল্যান্ডে নতুন আক্রান্তদের সবাই বিদেশ ফেরত : নিউজিল্যান্ডে নতুন করে আরও আটজন করোনায় আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। নতুন করে সংক্রমিত হওয়া আটজনের প্রত্যেকে সম্প্রতি বিদেশ সফরে গিয়েছিলেন। বুধবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় ১৮ মার্চ সকাল পর্যন্ত নিউজিল্যান্ডে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন।

ভারতে সেনা করোনায় আক্রান্ত : ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যের শরীরে প্রাথমিকভাবে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। লাদাখের লে-তে কর্তব্যরত ওই সেনা সদস্যের বয়স ৩৪ বছর। আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর তাকে কোয়ারেন্টিন রাখা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফেরেন ওই সেনা সদস্যের বাবা।

এ সময় তিনি ছুটিতে বাড়িতে ছিলেন। ২ মার্চ ফের ডিউটিতে যোগ দেয়ার কিছুদিনের মধ্যেই তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ মেলে। তার বাবাও আক্রান্ত হওয়ায় তাকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে ২৯ ফেব্রুয়ারি থেকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও আক্রান্ত সন্দেহে হাসপাতালের কোয়ারেন্টিন ওয়ার্ডে রাখা হয়েছে। এ পর্যন্ত ভারতে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৪৮।

কোয়ারেন্টিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী : করোনা ভাইরাস মহামারীতে বিপর্যন্ত চীনে সরকারি সফর শেষে ফিরে আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বেচ্ছায় কোয়ারেন্টিনে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক শাহ মাহমুদ কুরাইশি। বুধবার দেশটির এক সরকারি বিবৃতি জানিয়েছে, তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা; সেই পরীক্ষাও করা হবে। পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন থাকার ঘোষণা দিয়ে কুরাইশি বলেন, বিশেষজ্ঞরা আমাকে আইসোলেশনে যাওয়ার এবং পাঁচ দিন পর করোনা ভাইরাস পরীক্ষা করতে পরামর্শ দিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সফরসঙ্গী হিসেবে সোম ও মঙ্গলবার চীনে ছিলেন কুরাইশি।

স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৬ বাংলাদেশি : স্পেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ১৬ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। তথ্য অনুযায়ী, রাজধানী শহর মাদ্রিদে ১৫ জন ও কাতালোনিয়ার বার্সেলোনায় একজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দূতাবাসের কর্মকর্তা আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিষেধাজ্ঞা থাকায় এ সংক্রান্ত তথ্য স্থানীয় সংবাদকর্মীদের দেয়া যাচ্ছে না এবং করোনা ভাইরাসের প্রতিদিনের তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে বিস্তারিত জানানো হবে।  সূত্র : নবযুগ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি