২১ নভেম্বর ২০২৬

আ.লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল একসঙ্গে: প্রতিমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ এএম
আ.লীগ নিষিদ্ধে সরকার ও বিরোধী দল একসঙ্গে: প্রতিমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সেই উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

এর আগে জুলাই গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের নামে রংপুর স্টেডিয়ামের নামকরণ করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ এবং নতুন ইনডোর স্টেডিয়াম ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার দুই ভাই উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক, ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, দু-একটি থানা পুড়িয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আবার ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। তবে এর অর্থ এই নয় যে সরকার দুর্বল।

রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তনের বিষয়ে মীর শাহে আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেডিয়ামটি শুধু ক্রীড়ার স্থান নয়, সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় উন্নয়নকাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতিমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মীর শাহে আলম বলেন, সারা দেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা ঘটছে। সামগ্রিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজল্যুশনের মাধ্যমে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে। দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান শামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান ও পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি