
বাংলাপ্রেস ডেস্কঃ আজ আট ঘণ্টা দেশজুড়ে ইন্টারনেটের ধীরগতি হওয়ার কথা রয়েছে। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সমস্যা দেখা দিতে পারে।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) পক্ষ থেকে বলা হয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজারের ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করেছে।
নতুন রুটে স্থাপন করা অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযোগ দেয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহোল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তর করা হবে শুক্রবার। এদিন বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ আট ঘণ্টার মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
বিএসসিসিএল মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) শহিদুল ইসলাম জানান, এই আট ঘণ্টা সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিট বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন।
বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]