১০ মে ২০২৬

আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন পাবলিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন পাবলিক: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম, আর ৫০টা বেনামি আসামি দিত। এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ। তারা ১০টা নাম, ৫০টা বেনামি আসামিও দিচ্ছে। ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’ আজ মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় পাকিস্তানি থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এই জাহাজটা মধ্য প্রাচ্য থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের এখানে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষেধ আছে? সবার জন্য আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে অসুবিধা কি? আমরা কি কারো কাছে বন্দি নাকি? শুধু তারই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। এটার ভেতরে খেজুর, পেঁয়াজ, আলু আসছে। যেটা আমাদের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু।’ মিথ্যা সংবাদ প্রকাশ করলে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমি তো বলে দিয়েছি মুক্তভাবে বলুন। আমরা বিষয়গুলো তদন্ত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি সেটা বলবেন না। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’ চট্টগ্রামে সম্প্রতি গঠিত সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে-এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কারও ক্ষতি করছি কিনা আপনারা লেখেন। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে।’ পার্শ্ববর্তী দেশ বলতে কোন দেশকে বুঝানো হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি। পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুদিনে পরিবর্তন হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’ কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরও সক্রিয় ও যুগোপযোগী করতে হবে।’ আদালত থেকে জামিন পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার ও কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অপপ্রচারসহ বিভিন্ন সাইবার অপরাধও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারেও সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’ এ সময় পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি