
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪০১ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনে।
গতকালও করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৩৫৪ জন। সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হন ১ হাজার ৪৪১ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত হলেন ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৩৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৪ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৩৭৬ জনের মধ্যে পুরুষ ৮ হাজার ৯৬৯ জন এবং নারী ৩ হাজার ৪৩২ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া, ৫১ থেকে ৬০ বছরের ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের ৪ জন এবং ২১ থেকে ৩০ বছরের একজন রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]