২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, ভর্তি ১ হাজার ৫৯৬
বাংলাপ্রেস ডেস্ক: দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৫৯৬ জন।
এ নিয়ে চলতি বছরের ৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৩৭১ জন।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫০ জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৯৫ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, খুলনা বিভাগে ২২১ জন, রাজশাহী বিভাগে ১৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮৩ জন, রংপুর বিভাগে ৬৭ জন এবং সিলেট বিভাগে ১৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৮০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৮৩৯ জন। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪৫২ জন।
মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা গেছে, নভেম্বরের প্রথম পাঁচ দিনেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৩ জন। এর আগে অক্টোবর মাসে মারা গেছেন ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন। অর্থাৎ চলতি বছরের মোট মৃত্যুর উল্লেখযোগ্য অংশ ঘটেছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০২৩ সালে। ওই বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, ২০২৫ সালে ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। ওই বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি